ভাল থাকুন, শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো
শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো   ফাইল ছবি
 

ভিটামিন - এ, ভিটামিন - ডি, ভিটামিন - ই, ভিটামিন - ১২, জিংক, আয়রন এবং আয়োডিন- এই উপাদানগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুপুষ্টিকণা বলা হয়। এই অনুপুষ্টিকণা মানুষের খুব কম পরিমাণে প্রয়োজন হয়। কিন্তু এটির সামান্য ঘাটতিতে একজন ব্যক্তিকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। এই অনুপুষ্টিকণা নিয়ে বাংলাদেশে ২০১১-১২ সালে প্রথম একটি জাতীয় জরিপ করা হয়েছিল। পরে ২০১৯ - ২০ সালে আরেকটি জরিপ করা হয়, যেটির ফল প্রকাশ হয়েছিল ২০২২ সালের অক্টোবরে।

আইসিডিডিআরবি, জাতীয় পুষ্টি কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নিউট্রিশন ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওই ফল প্রকাশের অনুষ্ঠানটি আয়োজন করেছিল।

প্রথম জাতীয় জরিপটির চেয়ে দ্বিতীয় জরিপটিতে দেখা গেছে, বাংলাদেশে শিশু ও নারীদের মধ্যে অনুপুষ্টিকণার ঘাটতি অনেক।

ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুইজনের একজন ভিটামিন - এ'র ঘাটতিতে ভুগছে।

সেসময় জাতীয় জরিপের প্রধান গবেষক ও আইসিডিডিআর,বি-র অসংক্রামক রোগবিষয়ক শাখার বিজ্ঞানী আলিয়া নাহিদ জানিয়েছিলেন, প্রতি ১৩ জনের মধ্যে একজন নারীর দেহে এই ভিটামিনের ঘাটতি রয়েছে।

ভিটামিন - এ ছাড়াও, শিশু ও নারীদের মধ্যে জিংক ও আয়রনের ঘাটতি রয়েছে বলেও ওই জাতীয় জরিপে উঠে এসেছিল।

এর আগে, ২০২০ সালের ডিসেম্বরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ বলেছিল, "ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় দুই কোটি আট লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা বাংলাদেশের জন্য বিজয়"।

মহামারি কোভিডের সেসময়ও এই ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ পূরণ হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গবেষকরা বলছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং সংক্রমণের প্রতি সংবেদনশীলতা কমাতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ।

শিশুদের ভিটামিন - এ খাওয়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করতে গিয়ে জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন রাতকানা রোগটি নির্মূল হয়ে যাওয়ার কথা তুলে ধরেন।

তিনি জানান, রাতকানা দূর করার জন্যই ভিটামিন-এ ক্যাম্পেইন শুরু হয়েছিল, পরে তা নির্মূলও হয়।

উল্লেখ্য, ১৯৭৪ সালে রাতকানা রোগ প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।

মি. হোসেন বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় হামে মৃত্যু বড় আকার ধারণ করেছে।

"একেতো হামের টিকা ছিল না। তার ওপর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে ভিটামিন-এ, সেটাও ছিল না। ফলে যাদের হাম হয়েছে তাদের সেরে উঠতে দেরি হয়েছে বা অনেকে সেরে উঠতে পারেনি। নিউমোনিয়া বা অন্যান্য জটিলতা হয়ে মৃত্যুবরণ করেছে।"

একইসঙ্গে পুষ্টির অন্যতম এই উপাদান ভোজ্যতেলে থাকা বাধ্যতামূলক করে বাংলাদেশে একটি আইনও রয়েছে। ভোজ্যতেলে ভিটামিন এ না থাকলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধানও রয়েছে আইনটিতে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা 

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক বিকাশে সহায়ক ভূমিকার জন্য ভিটামিন- এ ক্যাপসুল খাওয়ানো জরুরি বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

ভিটামিন-এ ক্যাপসুল শিশুর দেহে যেসব ভূমিকা রাখে তা হলো:

১. শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে শিশু বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে।

৩. শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে।

৪. ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায়।

৫. শিশুর ত্বক সুরক্ষা নিশ্চিত করে।

৬. রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়তা করে।

ভিটামিন-এ খাওয়ানোর পাশাপাশি কৃমিনাশক ওষুধ খাওয়ানোর প্রতিও গুরুত্বারোপ করেছেন জনস্বাস্থ্যবিদ ড. মুশতাক হোসেন। তিনি বলেন, "ভিটামিন-এ এর সাথে আরেকটাও ছিল, সেটা হচ্ছে কৃমিনাশক খাওয়ানো। বাচ্চাদের পুষ্টি কৃমি খেয়ে ফেললে এটাও অপুষ্টির একটা কারণ হতে পারে। তাই ভিটামিন-এ ক্যাম্পেইনের পাশাপাশি কৃমিনাশক ওষুধও খাওয়াতে হবে।"