আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এসব অস্ত্র নিয়মিত জব্দ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দু–চারটি অস্ত্র যে ঢুকছে না, তা আমি বলব না। ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন এক–দুটি করে ধরা হচ্ছে। কোথাও কোনো ছাড় দেওয়া হচ্ছে না।’

সামনে জাতীয় সংসদ নির্বাচন—এ কারণে অবৈধ অস্ত্র প্রবেশ বাড়ছে কি না জানতে চাইলে তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

মেঘালয় পুলিশের পক্ষ থেকে হাদি হত্যাকাণ্ডের কোনো আসামিকে গ্রেপ্তার না করার দাবি এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গ্রেপ্তারের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডিবি গত রাতে একটি স্টেটমেন্ট দিয়েছে। সেটা পড়লে আপনারা জানতে পারবেন।’

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

সম্প্রতি কেরানীগঞ্জে একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনার মূল অভিযুক্ত পলাতক থাকলেও তার একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ব্যক্তিকে ধরতে অভিযান চলছে।

বোমা হামলা সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো বাধা সৃষ্টি করবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা সব সময় বাধা দেওয়ার চেষ্টা করে। তবে সবার সহযোগিতা থাকলে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে।’

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে নির্বাচনের বিষয়ে কোনো শঙ্কা নেই।

এর আগে সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।

এ বছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক–সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক–সেবা (পিবিজিএমএস)—মোট ৭২ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

পদক প্রদান শেষে বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভবিষ্যতেও তাঁদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।